বাংলাদেশ-ভারতের প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে নতুন আলোচনা

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

মুক্তমন রিপোর্টার : প্রতিরক্ষা সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ ও ভারত।

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, বৈঠকের শুরুতে দুই পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। এরপর বাংলাদেশ ও ভারতের প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে সশস্ত্র বাহিনীর পেশাগত দক্ষতা ও সক্ষমতা বাড়াতে যৌথ প্রশিক্ষণ কর্মসূচি, সামরিক কর্মকর্তাদের মধ্যে অভিজ্ঞতা ও প্রশিক্ষণ বিনিময়, দুর্যোগ ব্যবস্থাপনা, আঞ্চলিক শান্তি এবং সমুদ্র নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থান পায়।

ভারতীয় হাইকমিশনার বাংলাদেশের সরকারের আর্থ-সামাজিক খাতে নেওয়া বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সামরিক ও কৌশলগত সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়।

ভবিষ্যতে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা আরও জোরদার, সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপত্তাসংশ্লিষ্ট অভিন্ন স্বার্থের ক্ষেত্রে একসঙ্গে কাজ করার বিষয়ে ভারতের অব্যাহত অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেন দীনেশ ত্রিবেদী।

আইএসপিআর আরও জানায়, বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ একমত হয়।