অস্ট্রেলিয়া সিরিজের আগে বড় ধাক্কা, ছিটকে গেলেন রাবাদা

হ্যামস্ট্রিং চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যাওয়া কাগিসো রাবাদা
হ্যামস্ট্রিং চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যাওয়া কাগিসো রাবাদা

মুক্তমন রিপোর্টার : অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। হ্যামস্ট্রিং চোটের কারণে ওয়ানডে দল থেকে ছিটকে গেছেন দলের অন্যতম তারকা পেসার কাগিসো রাবাদা।

বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। তবে গুরুত্বপূর্ণ এই সিরিজে রাবাদাকে না পাওয়ায় প্রোটিয়া শিবিরে তৈরি হয়েছে দুশ্চিন্তা।

দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড জানিয়েছেন, রাবাদার পুনর্বাসন প্রক্রিয়া নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি বলেন, “রাবাদা ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন এবং আমরা তার পুনর্বাসনের বিষয়টি প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছি। আমরা যখন টেস্ট দল বাছাই করতে বসব, তখন সব তথ্য বিচার-বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। ফিজিওদের দেওয়া রিপোর্ট অনুযায়ী তার সুস্থতার প্রক্রিয়া বেশ ভালোভাবে এগোচ্ছে।”

রাবাদার ঘরোয়া পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের দেওয়া তথ্য অনুযায়ী, এই চোট থেকে পুরোপুরি সেরে উঠতে প্রায় ১০ সপ্তাহ সময় লাগতে পারে রাবাদার।

চোটের পুনর্বাসন নির্ধারিত সময় অনুযায়ী এগোলে আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজেও রাবাদাকে ছাড়াই মাঠে নামতে হতে পারে দক্ষিণ আফ্রিকাকে। ফলে ওয়ানডের পাশাপাশি টেস্ট সিরিজ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে এই পেসারকে ঘিরে।

এদিকে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে ঘোষিত দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও অভিজ্ঞ কুইন্টন ডি কক ও ডেভিড মিলার জায়গা পেয়েছেন স্কোয়াডে।

রাবাদার অনুপস্থিতিতে প্রায় তিন বছর পর ওয়ানডে দলে ফিরেছেন পেসার জেরাল্ড কোয়েটজি। পেস আক্রমণে তার সঙ্গে থাকছেন মার্কো ইয়ানসেন, লুঙ্গি এনগিডি, করবিন বোশ, কোয়েনা মাপাকা ও ওটনিল বার্টম্যান।

রাবাদার চোটের মাত্রা এবং সুস্থ হয়ে ফেরার সময়ের ওপরই এখন অনেকটা নির্ভর করছে অস্ট্রেলিয়ার বিপক্ষে পরবর্তী টেস্ট সিরিজে তার অংশগ্রহণ।