মুক্তমন রিপোর্টার : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে তিনি এ আগ্রহের কথা জানিয়েছেন।
চিঠিতে বাংলাদেশ সরকারের বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান ট্রাম্প। একই সঙ্গে বাংলাদেশের জন্য বোয়িংয়ের উড়োজাহাজ নিরাশাজনক হবে না বলেও আশ্বস্ত করেছেন তিনি।
বোয়িং কেনার বিষয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মনোযোগের বিষয়টিও ট্রাম্প গুরুত্বের সঙ্গে উল্লেখ করেছেন। এ উদ্যোগের কথা তিনি মনে রাখবেন বলেও চিঠিতে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
চিঠিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, নানা ধরনের প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্য দিয়েও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশের জনগণের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।
তিনি বাংলাদেশের জনগণের প্রতি নিজের উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসার কথাও জানিয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসার পাশাপাশি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রেও বোয়িং কেনার সিদ্ধান্তকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট।
এর আগে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং উড়োজাহাজ কেনার পরিকল্পনার কথা জানিয়েছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো ধরনের চাপের কারণে নয়, বরং দেশের বিমান পরিবহন খাতের প্রয়োজন ও চাহিদা বিবেচনা করেই বোয়িং কেনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।