মুক্তমন রিপোর্ট : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, যত বাধা-বিপত্তিই আসুক, ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ নির্ধারিত গন্তব্যে পৌঁছাবে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লং মার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট সারাদেশের মানুষ ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে ঢাকায় সমবেত হয়ে তৎকালীন স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছিল। এবার ঢাকা থেকে চট্টগ্রামসহ অন্যান্য বিভাগের উদ্দেশ্যে লং মার্চ শুরু হয়েছে। নতুন করে কেউ যাতে স্বৈরাচারী হয়ে ওঠার পথে এগোতে না পারে, সেই পথ বন্ধ করাই এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য বলে জানান তিনি।
তিনি বলেন, এই লং মার্চ চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে। একই সঙ্গে তেল, গ্যাস ও বিদ্যুতের সিন্ডিকেট করে দাম বাড়ানোর অপচেষ্টার বিরুদ্ধেও এই কর্মসূচি। জনগণের গণরায়ের সঙ্গে যারা প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধেও এ আন্দোলন বলে মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম সাধারণ মানুষকে লং মার্চে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এটি শুধু ১১টি দলের কর্মসূচি নয়; বরং বাংলাদেশের সাধারণ মানুষের কর্মসূচি।
তিনি আরও বলেন, লং মার্চ শান্তিপূর্ণভাবেই পালন করা হবে। তবে সরকার যদি কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে ছয় দফার এই কর্মসূচি এক দফার আন্দোলনে রূপ নেবে বলে সতর্ক করেন তিনি।
এ সময় তিনি বলেন, ‘আজকে যত বাধা-বিপত্তি আসুক না কেন, আমাদের এই লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই।’