ওন্টারিও: আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন (মিডটার্ম) শেষ হওয়ার পর ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘তাৎক্ষণিকভাবে শেষ হবে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (৯ সেপ্টেম্বর) টেক্সাসের ডালাসে রিপাবলিকান পার্টির প্রথম মধ্যবর্তী নির্বাচন সম্মেলনে যোগ দিতে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি।
ট্রাম্প বলেন, “আমি মনে করি, নির্বাচনের পরই যুদ্ধ শেষ হয়ে যাবে। কারণ তারা আর বেশিদিন টিকে থাকতে পারবে না।”
ইরান যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে মরিয়া হয়ে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে।
তবে ইরানের সঙ্গে নতুন করে পারমাণবিক আলোচনা শুরুর বিষয়ে আগ্রহী নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমরা এ বিষয়ে কোনো আলোচনা চাইছি না। হ্যাঁ, আলোচনা সম্ভবত হতে পারে, তবে এটি এমন কোনো বিষয় নয় যা আমরা এখন বিবেচনা করছি।”
তিনি আরও বলেন, তার প্রশাসনের পরিকল্পনা শুধু ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির মধ্যেই সীমাবদ্ধ নয়।
ট্রাম্পের ভাষায়, “আমরা পারমাণবিক চুক্তির চেয়েও অনেক বেশি কিছু করছি।”
তিনি বলেন, “পারমাণবিক বিষয়টি অবশ্যই থাকবে—এ ব্যাপারে ৯৯ দশমিক ৯ শতাংশ নিশ্চিত। তবে আলোচনার টেবিলে আরও অনেক বিষয় থাকবে।”
ট্রাম্পের বক্তব্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভবিষ্যৎ সমঝোতায় শুধু পারমাণবিক কর্মসূচি নয়, এর বাইরেও একাধিক বিষয় অন্তর্ভুক্ত হতে পারে।