৫ স্পটে সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৯২ হাজার

বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে মোবাইল কোর্টের অভিযান
বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে মোবাইল কোর্টের অভিযান

শেখ সুমন : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে দিনব্যাপী অভিযানে প্রায় ১ হাজার ১০০টি আবাসিক ও বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই অভিযানে ৯২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) উপজেলার হরিপুর, কুতুবপুর ও দেওয়ানবাগ-মদনপুর এলাকার পাঁচটি স্পটে এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার খন্দকার শমিত রাজার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে অবৈধ সংযোগের জন্য ব্যবহৃত বিভিন্ন ধরনের এমএস পাইপ, হোস পাইপ, রেগুলেটর, চুলা ও ভাল্ব জব্দ করা হয়। কয়েকটি এলাকায় রাস্তার আরসিসি ঢালাইয়ের নিচে থাকা দুই ইঞ্চি অবৈধ বিতরণ লাইনের সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।

অভিযানের প্রথম দুই স্পটে হরিপুর ও কুতুবপুর এলাকায় দুই শতাধিক আবাসিক সংযোগ বিচ্ছিন্ন এবং মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তৃতীয় স্পটে হরিপুরের প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় প্রায় ৩০০টি আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

হরিপুর বাজারে পরিচালিত চতুর্থ অভিযানে তিনটি আবাসিক ডাবল চুলা ও একটি বাণিজ্যিক স্টার বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ঘটনায় ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, দেওয়ানবাগ ও মদনপুর এলাকায় প্রায় তিন কিলোমিটারজুড়ে অভিযান চালিয়ে আরও আনুমানিক ৩০০টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা ও গ্যাস সরবরাহ ব্যবস্থার শৃঙ্খলা বজায় রাখতে অবৈধ সংযোগ শনাক্ত করে বিচ্ছিন্ন করার পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

Muktomon/TA