ডেঙ্গু প্রতিরোধে উত্তরা ১১ সেক্টরে পরিচ্ছন্নতা অভিযান

উত্তরা ১১ নম্বর সেক্টরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
উত্তরা ১১ নম্বর সেক্টরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

এইচ এম মাহমুদ হাসান : ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে উত্তরা ১১ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি।

‘মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির আওতায় সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে এ কার্যক্রম শুরু হয়।

সকাল ৬টায় উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডের ৯ নম্বর প্লটের ময়লা-আবর্জনায় পূর্ণ একটি খালি জায়গা পরিষ্কারের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন উত্তরা ১১ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মো. ফিরোজ জামান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া।

এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি করপোরেশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর নির্ভর করলে হবে না। নিজ নিজ বাসাবাড়ি, আশপাশের এলাকা ও খালি জায়গা পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে। মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা জরুরি।

পরিচ্ছন্নতা অভিযানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সোসাইটির সমাজকল্যাণ সম্পাদক আজমল মালদার। কর্মসূচিতে স্বাগত বক্তব্য দেন সোসাইটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম।

এ সময় সেক্টরের বাসিন্দাদের পাশাপাশি সোসাইটির নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোসাইটি সূত্রে জানা গেছে, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পুরো সেপ্টেম্বর মাসজুড়ে পর্যায়ক্রমে সেক্টরের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

Muktomon/TA