ভিসা ও সরাসরি ফ্লাইট নিয়ে বাংলাদেশ-ইন্দোনেশিয়া বৈঠক

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার প্রতিনিধিদের বৈঠক
বাংলাদেশ-ইন্দোনেশিয়ার প্রতিনিধিদের বৈঠক

মুক্তমন রিপোর্ট : ভিসা ও ভ্রমণ প্রক্রিয়া সহজীকরণ, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং বিভিন্ন খাতে সহযোগিতা জোরদার নিয়ে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিনের সঙ্গে সাক্ষাৎ করেন ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আনিস মাত্তা। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।

সাক্ষাতে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো, শিক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণ এবং জ্বালানি খাতে গ্যাস ও তেল সহযোগিতার বিষয় গুরুত্ব পায়। বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় যাতায়াতকারী পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিয়েও আলোচনা করা হয়।

ভিসা ও সরাসরি ফ্লাইটে গুরুত্ব

দুই দেশের মধ্যে ভ্রমণ সহজ করতে ভিসা প্রক্রিয়া আরও সহজ করার বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের জন্য ইন্দোনেশিয়ায় অন-অ্যারাইভাল ভিসা পুনরায় চালু এবং বাংলাদেশ-ইন্দোনেশিয়ার মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টিও গুরুত্ব পায়।

দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আলোচনা

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানো এবং বাংলাদেশে আরও বেশি ইন্দোনেশীয় কোম্পানির কার্যক্রম সম্প্রসারণের সুযোগ তৈরির বিষয়েও মতবিনিময় হয়।

বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, পর্যটন, শিক্ষা ও জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে সহযোগিতার নতুন সুযোগ কাজে লাগানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ আরও বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

পোশাক, পাট, কৃষিপণ্য ও পাম অয়েলের বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি হালাল পণ্য রপ্তানি বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করার পাশাপাশি বহুমাত্রিক সহযোগিতা জোরদার এবং মুসলিম ভ্রাতৃত্বের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়েও উভয় পক্ষ গুরুত্বারোপ করে।

সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিস লিসতিওয়াতী এবং ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবুল হাসান মৃধাসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Muktomon/TA