চালচিত্র ২’-এ অপূর্ব নেই কেন, জানালেন নির্মাতা

‘চালচিত্র’ সিনেমার নির্মাতা প্রতিম ডি গুপ্তের সঙ্গে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব
‘চালচিত্র’ সিনেমার নির্মাতা প্রতিম ডি গুপ্তের সঙ্গে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব

মুক্তমন রিপোর্ট : ২০২৪ সালে মুক্তি পাওয়া কলকাতার ক্রাইম-থ্রিলার সিনেমা ‘চালচিত্র’-এ খল চরিত্রে অভিনয় করে দুই বাংলার দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন বাংলাদেশের অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তবে সিনেমাটির নতুন কিস্তি ‘চালচিত্র : দ্য একচালা মার্ডার্স’-এ দেখা যাবে না তাঁকে। অপূর্বর অনুপস্থিতি নিয়ে দর্শকদের প্রশ্নের জবাব দিয়েছেন নির্মাতা প্রতিম ডি গুপ্ত।

নতুন সিনেমাটিতে বাংলাদেশের আরেক জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনয় করছেন। ঘোষণার পর থেকেই অপূর্বকে কেন রাখা হয়নি, তা নিয়ে আলোচনা শুরু হয়। এ বিষয়ে অপূর্বর ফ্যানক্লাবে দেওয়া এক দীর্ঘ পোস্টে নির্মাতা জানান, নতুন ছবিটি আসলে ‘চালচিত্র’-এর সিক্যুয়েল নয়, বরং প্রিক্যুয়েল। অর্থাৎ গল্পের সময়কাল প্রথম সিনেমার আগের।

প্রতিম ডি গুপ্ত লেখেন, ‘চালচিত্র’ তাঁর কাছে সন্তানের মতো। সিনেমাটির টোটা, অনির্বাণ ও শান্তনুর মতো অপূর্বও ছবিটির সঙ্গে সমানভাবে জড়িয়ে আছেন। তাঁর ভাষ্য, অপূর্ব প্রথম সিনেমায় যে অবদান রেখেছেন এবং চরিত্রটিতে যে প্রাণ দিয়েছেন, তা তিনি জানেন। তাই অপূর্বকে ছাড়া ‘চালচিত্র’-এর সিক্যুয়েল নির্মাণের কথা ভাবাও তাঁর কাছে অর্থহীন।

প্রিক্যুয়েল বলেই নেই অপূর্বর চরিত্র

নির্মাতা স্পষ্ট করে জানান, ‘চালচিত্র : দ্য একচালা মার্ডার্স’ কোনো সিক্যুয়েল নয়। এটি প্রথম সিনেমা ‘চালচিত্র : দ্য ফ্রেম ফাটাল’-এর আগের সময়ের গল্প নিয়ে নির্মিত হচ্ছে। ফলে কাহিনির সময়কাল বিবেচনায় অপূর্বর চরিত্রকে নতুন ছবিতে রাখা সম্ভব হচ্ছে না।

প্রতিমের কথায়, অপূর্বকে বাদ দেওয়া হয়েছে—এমনটি ভাবার কোনো কারণ নেই। প্রথম সিনেমার পরবর্তী সময়ে গল্প এগিয়ে নেওয়া হলে সেই নতুন অধ্যায়ে অপূর্ব অবশ্যই থাকবেন।

অপূর্বর ভক্ত নির্মাতাও

পোস্টে নিজেকে অপূর্বর বড় ভক্ত উল্লেখ করে প্রতিম বলেন, দর্শকেরা কেন অভিনেতাকে আবার পর্দায় দেখতে চান, তা তিনি ভালোভাবেই অনুভব করেন। কারণ তাঁর নিজেরও একই ইচ্ছা।

দর্শকদের নতুন সিনেমাটিকেও প্রথম ছবির মতো ভালোবাসা দেওয়ার আহ্বান জানিয়েছেন নির্মাতা। তাঁর আশা, ‘চালচিত্র : দ্য একচালা মার্ডার্স’ দর্শকের হৃদয়ে জায়গা করে নেবে। প্রিক্যুয়েলটি প্রত্যাশামতো সাড়া পেলে ভবিষ্যতে তৃতীয় একটি অধ্যায় নির্মাণের সম্ভাবনাও তৈরি হতে পারে। আর সেই গল্পে পুরোনো চরিত্রগুলোর সঙ্গে অপূর্বকেও আবার দেখা যেতে পারে।

Muktomon/TA