শাড়ি ও বেলি ফুলের গাজরায় জয়া আহসান

অফহোয়াইট শাড়ি ও চুলে বেলি ফুলের গাজরায় অভিনেত্রী জয়া আহসান।
অফহোয়াইট শাড়ি ও চুলে বেলি ফুলের গাজরায় অভিনেত্রী জয়া আহসান।

মুক্তমন রিপোর্ট : অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও নিজস্ব সাজপোশাকের জন্যও আলোচনায় থাকেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কখনো আধুনিক পোশাকে, আবার কখনো ঐতিহ্যবাহী বাঙালি সাজে সামাজিক মাধ্যমে ভক্তদের নজর কাড়েন তিনি। এবার অফহোয়াইট শাড়ি ও চুলে বেলি ফুলের গাজরায় ধরা দিয়েছেন স্নিগ্ধ রূপে।

সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমে নতুন সাজের কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করেছেন জয়া। এর আগে একই সাজে একটি ভিডিওও প্রকাশ করেছিলেন তিনি।

ছবিগুলোতে জয়ার পরনে দেখা গেছে অফহোয়াইট সুতি শাড়ি। শাড়ির পাড়জুড়ে রয়েছে ধূসর-গোলাপি রঙের কাজ। শাড়ির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্লাউজেও রাখা হয়েছে নান্দনিকতার ছোঁয়া।

কানে ভারী দুল, হাতে অলংকার আর খোলা চুলে বেলি ফুলের গাজরা—সব মিলিয়ে ঐতিহ্যবাহী বাঙালি সাজে দেখা গেছে অভিনেত্রীকে। কখনো পেছন ফিরে চুলের গাজরা দেখিয়েছেন, আবার কখনো মুচকি হাসিতে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন ভিন্ন ভঙ্গিতে।

ছবিগুলোর ক্যাপশনে বাউল সম্রাট শাহ আবদুল করিমের পরিচিত গানের পঙ্‌ক্তি উদ্ধৃত করেছেন জয়া। ক্যাপশনে তিনি লিখেছেন, “সখি তোরা প্রেম করিয়ো না, পিরিত ভালা না, প্রেম করছে যে জন জানে সে জন পিরিতের কি বেদনা”।

জয়ার এই সাজ ও কাব্যিক ক্যাপশন ভক্ত-অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করেছে। মন্তব্যের ঘরে অনেকেই তাঁর স্নিগ্ধ উপস্থিতির প্রশংসা করছেন।

Muktomon/TA