নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দেড় ঘণ্টার ব্যবধানে পরপর তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১২ মিনিট থেকে রোববার রাত ১টা ২৭ মিনিটের মধ্যে এসব ভূমিকম্প সংঘটিত হয়। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত, ভারতের মিজোরাম ও ত্রিপুরা অঞ্চলে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পবিজ্ঞান কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটি সংঘটিত হয় রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৯। সীমান্তবর্তী কক্সবাজারের টেকনাফসহ আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়। চট্টগ্রামেও ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রথম ভূমিকম্পের এক মিনিট পর, রাত ১২টা ১৩ মিনিটে ভারতের মিজোরামের লুংলেই এলাকায় আরেকটি ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫। এ ভূমিকম্পে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত হয়।
এরপর রাত ১টা ২৭ মিনিটে ভারতের ত্রিপুরার আগরতলা এলাকায় তৃতীয় ভূমিকম্পটি সংঘটিত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৮। এতে ঢাকা-সহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু কম্পন অনুভূত হয়।
স্বল্প সময়ের মধ্যে পরপর তিনটি ভূমিকম্পে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এসব ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য প্রকাশিত হয়নি।