মুক্তমন রিপোর্ট : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের ঘোষিত লকডাউন ও রাজধানীতে নাশকতার অভিযোগের প্রতিবাদে ঢাকায় বাইক শোডাউন করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান-২ এলাকা থেকে শোডাউনটি শুরু হয়। কাজী জিয়া উদ্দিন বাসিতের নেতৃত্বে শোডাউনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা ঘুরে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হয়।
আয়োজকদের দাবি, শোডাউনে দেড় শতাধিক মোটরসাইকেলে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীদের আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
শোডাউন প্রসঙ্গে কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে হামলা চালিয়ে স্বাভাবিক জনজীবনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে বলে তারা মনে করছেন। তার ভাষ্য, ছাত্রদলের নেতাকর্মীরা মাঠে থাকায় এ ধরনের কর্মকাণ্ড সফল হতে দেওয়া হবে না।
এদিকে রোববার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। দিনের শুরুতে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটলেও দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনের সড়ক ও শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এরপর সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করে চেকপোস্ট বসানো হয়। এর আগের রাতেও নাশকতার আশঙ্কায় রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের চেকপোস্ট দেখা যায়।
তবে রোববার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের ঘোষিত লকডাউন কর্মসূচিতে রাজধানীতে সংগঠনটির প্রকাশ্য মিছিল বা সমাবেশের দৃশ্য দেখা যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।