মুক্তমন রিপোর্ট : ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে একই গ্রুপে পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আগামী ১০ অক্টোবর জোহানেসবার্গে গ্রুপ পর্বে মুখোমুখি হবে দুই দল। তবে নতুন ফরম্যাটের কারণে টুর্নামেন্টে তাদের লড়াই হতে পারে সর্বোচ্চ তিনবার।
বিশ্বকাপের ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, সহ-আয়োজক জিম্বাবুয়ে এবং একটি বাছাইপর্বের দল। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আরেকটি বাছাইপর্বের দল।
১০ অক্টোবর জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে গ্রুপ পর্বে প্রথমবার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। নতুন ফরম্যাট অনুযায়ী, দুই গ্রুপের শীর্ষ তিনটি করে দল এবং চতুর্থ স্থান পাওয়া দলগুলোর মধ্যে সেরা দল সুপার সেভেনে জায়গা পাবে।
ভারত ও পাকিস্তান দুই দলই সুপার সেভেনে উঠলে ৭ নভেম্বর কেপটাউনে আবারও তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর দুই দল সেমিফাইনাল কিংবা ফাইনালে উঠলে তৃতীয়বারের মতো দেখা হতে পারে তাদের।
২০২৭ বিশ্বকাপে অংশ নেবে ১৪টি দল। সুপার সেভেনে সাত দল রাউন্ড রবিন পদ্ধতিতে খেলবে। এই পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে।
বিশ্বকাপের আগেও ২০২৭ সালে ভারত-পাকিস্তান দ্বৈরথের সম্ভাবনা রয়েছে। টুর্নামেন্টের পাঁচ মাস আগে অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়া কাপ। সেখানেও দুই দল মুখোমুখি হতে পারে।
Muktomon/TA