মুক্তমন রিপোর্ট : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানের একটি ছবি শেয়ার করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
রোববার (৪ অক্টোবর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) প্রকাশিত ছবিটি শেয়ার করা হয়। পিএমওর পোস্টে ছবির কৃতিত্ব দেওয়া হয়েছে ‘হোয়াইট হাউস’কে।
ছবিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা যায়।
গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দেওয়া বিশ্বনেতা ও তাঁদের জীবনসঙ্গীদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
যুক্তরাষ্ট্র সফর শেষে প্রধানমন্ত্রী দেশে ফেরার আট দিন পর শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয় ছবিটি প্রকাশ করে। এরপর ছবিটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। পরদিন ঢাকার মার্কিন দূতাবাসও ছবিটি নিজেদের ফেসবুক পেজে শেয়ার করে।
Muktomon/TA