মুক্তমন রিপোর্ট : বায়ার্ন মিউনিখে মিচেল অলিসের দুর্দান্ত পারফরম্যান্সে সন্তুষ্ট ক্লাব কর্তৃপক্ষ। ফরাসি এই ফরোয়ার্ডকে দীর্ঘমেয়াদে ধরে রাখতে বর্তমান চুক্তির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা করছে জার্মান জায়ান্টরা।
অলিসের সঙ্গে বায়ার্নের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৯ সালের জুন পর্যন্ত। তবে উপযুক্ত সময়ে তার সঙ্গে বসে নতুন চুক্তির প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছেন ক্লাবটির সুপারভাইজরি বোর্ডের সদস্য কার্ল-হেইঞ্জ রুমেনিগে।
জার্মান সংবাদমাধ্যমকে রুমেনিগে বলেন, অলিসের সঙ্গে এখনো দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে। তবে সময়মতো তার সঙ্গে আলোচনা করে উপযুক্ত প্রস্তাব দেওয়ার প্রয়োজন হবে। নিজের পজিশনে অলিসেকে ‘অসাধারণ’ খেলোয়াড় হিসেবেও উল্লেখ করেন তিনি।
নতুন মৌসুমের শুরুতে অলিসের পারফরম্যান্সও বায়ার্নের এই পরিকল্পনার অন্যতম কারণ। প্রথম সাত ম্যাচে আট গোল ও চারটি অ্যাসিস্ট করে সরাসরি ১২টি গোলে অবদান রেখেছেন ২৪ বছর বয়সী এই ফুটবলার।
২০২৪ সালের জুলাইয়ে ক্রিস্টাল প্যালেস থেকে বায়ার্নে যোগ দেন অলিসে। এরপর দ্রুতই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হন তিনি। বায়ার্নের অফিসিয়াল তথ্য অনুযায়ী, ২০২৯ সাল পর্যন্ত তার চুক্তি রয়েছে।
অলিসেকে নিয়ে ইউরোপের বড় ক্লাবগুলোর আগ্রহের খবরও বিভিন্ন সময়ে সামনে এসেছে। বিশেষ করে রিয়াল মাদ্রিদের সঙ্গে তার নাম জড়িয়েছে। তবে বায়ার্নের স্পোর্টিং বোর্ড সদস্য ম্যাক্স এবরল জানিয়েছেন, অলিসের চুক্তিতে কোনো রিলিজ ক্লজ নেই এবং আগামী গ্রীষ্মের মধ্যে তার ভবিষ্যৎ নিয়ে একটি ধারণা পেতে চায় ক্লাব।
Muktomon/TA