চোটে ইংল্যান্ড দল থেকে ছিটকে গেলেন নিকো ও’রেইলি

ইংল্যান্ডের হয়ে মাঠে নিকো ও’রেইলি
ইংল্যান্ডের হয়ে মাঠে নিকো ও’রেইলি

মুক্তমন রিপোর্ট : চোটের কারণে ইংল্যান্ডের জাতীয় দল থেকে সরে দাঁড়িয়েছেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার নিকো ও’রেইলি। আরও পরীক্ষার জন্য তিনি ক্লাবে ফিরে গেছেন। ফলে আন্তর্জাতিক বিরতির বাকি দুই ম্যাচে তাকে পাওয়া যাবে না।

স্পেনের বিপক্ষে ইংল্যান্ডের ৩-২ গোলে হারের ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছিলেন ২১ বছর বয়সী ও’রেইলি। এরপর চোটের কারণে অনুশীলনে নিয়মিত থাকতে পারেননি এবং চেকিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়েও খেলেননি।

ও’রেইলির চোটের ধরন সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। ইংল্যান্ড কোচ থমাস টুখেল এর আগে জানিয়েছিলেন, সমস্যাটি গুরুতর নয়। তবে শেষ পর্যন্ত তাকে নিয়ে ঝুঁকি না নিয়ে আরও মূল্যায়নের জন্য ম্যানচেস্টার সিটিতে ফেরত পাঠানো হয়েছে। তার বদলে নতুন কোনো খেলোয়াড়কে দলে ডাকা হবে না।

ও’রেইলি না থাকায় লেফট-ব্যাকে লুইস হলের খেলার সম্ভাবনা বেড়েছে। চেকিয়ার বিপক্ষে জয়েও এই পজিশনে শুরু করেছিলেন নিউক্যাসলের এই ফুটবলার।

এ নিয়ে চলতি আন্তর্জাতিক বিরতিতে টুখেলের মূল স্কোয়াড থেকে চোট বা ফিটনেস সমস্যার কারণে ছিটকে যাওয়া খেলোয়াড়ের সংখ্যা ছয়ে দাঁড়াল। ও’রেইলির আগে কোল পালমার, ডেকলান রাইস, মার্কাস রাশফোর্ড, কোবি মাইনু ও তিরন লিভরামেন্টো দল থেকে সরে দাঁড়িয়েছিলেন।

ইংল্যান্ডের পরবর্তী ম্যাচ ক্রোয়েশিয়ার বিপক্ষে। এরপর চেকিয়ার বিপক্ষে ফিরতি ম্যাচ খেলবে তারা।