মুক্তমন রিপোর্ট : সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের ও দ্রুত আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
শুক্রবার সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে তিনি এ ঘটনাকে ‘অত্যন্ত উদ্বেগজনক ও অশুভ লক্ষণ’ বলে মন্তব্য করেন।
সেলিম উদ্দিন বলেন, বিমানবন্দর কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে ভিআইপি ও সংসদ সদস্যদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোগান্তির শিকার হতে হয়েছে। দায়িত্ব পালনে অবহেলার বিরুদ্ধে কথা বলায় একজন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ পার্লামেন্টারিয়ানের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, সামান্য কথা-কাটাকাটির ঘটনায় কোনো দায়িত্বশীল সংস্থার পক্ষ থেকে দুঃখ প্রকাশ না করে উল্টো মামলা দায়ের ও দ্রুত আটকের ঘটনা দায়িত্বশীল আচরণ নয়। এ ধরনের ঘটনায় মামলা ও আটকের সংস্কৃতি দেশের জন্য ভালো লক্ষণ নয় বলেও মন্তব্য করেন তিনি।
বিবৃতিতে সেলিম উদ্দিন বলেন, বর্তমান সরকারের কাছে জাতির প্রত্যাশা আইনের শাসন ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা। দায়িত্বশীল জায়গাগুলোতে অতীতের মতো তুচ্ছ কারণে মামলা দিয়ে হয়রানি করা হলে তা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেন তিনি। এ সময় মেজর (অব.) আখতারুজ্জামানের মামলা প্রত্যাহার এবং ডিবি কার্যালয় থেকে তাকে ছেড়ে দেওয়ার আহ্বান জানান জামায়াতের এই নেতা।
এদিকে, মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর উত্তরা অঞ্চল।
শুক্রবার বিকেল ৪টা ৪৫ মিনিটে উত্তরার জসিম উদ্দিন সড়ক মোড় থেকে মিছিলটি শুরু হয়। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাতের নেতৃত্বে মিছিলটি বিমানবন্দর সড়কে গিয়ে সমাবেশে মিলিত হয়।
উত্তরা অঞ্চল পরিচালক জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক মাহবুবুল আলমের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন উত্তরা মডেল আমির ইব্রাহীম খলীল, উত্তরা পশ্চিম আমির মাজহারুল ইসলাম, উত্তরা পূর্ব আমির মাহফুজুর রহমান, তুরাগ উত্তর আমির মতিউর রহমান, দক্ষিণখান পূর্ব আমির আবু সাঈদ, দক্ষিণখান পশ্চিম আমির আবু সাঈদ শাহনেওয়াজ, বিমানবন্দর আমির এনামুল হক শিপন এবং মহানগরীর যুব বিভাগের সেক্রেটারি মোস্তফা ফয়সাল পারভেজসহ স্থানীয় নেতারা।
সমাবেশে বক্তারা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং হয়রানি বন্ধে সরকারের প্রতি আহ্বান জানান।
Muktomon/TA