ট্রাম্পের সঙ্গে তারেকের বৈঠক নিয়ে যা বললেন হুমায়ুন

নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

মুক্তমন রিপোর্ট : জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাদা দ্বিপক্ষীয় বৈঠকের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কের ম্যানহাটনে প্রধানমন্ত্রীর আবাসস্থল হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, তারেক রহমানের এবারের সফরটি দ্বিপক্ষীয় নয়, বহুপক্ষীয়। সফরের মূল উদ্দেশ্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়া। তবে এর বাইরে বিভিন্ন বৈঠক ও আলোচনার সুযোগ থাকবে।

এর আগে ৩১ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি চিঠি দেন। ওই চিঠিতে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ট্রাম্প এবং শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ব্যক্ত করেন।

তবে ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হুমায়ুন কবির জানান, এবারের সফরের মূল লক্ষ্য জাতিসংঘের কার্যক্রমে অংশ নেওয়া। এর আগে সেপ্টেম্বরের শুরুতে তিনি জানিয়েছিলেন, জাতিসংঘ অধিবেশনের সময় ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে এবং এ ধরনের বৈঠক অনেক সময় শেষ মুহূর্তে চূড়ান্ত হয়।

দেশীয় রাজনীতি প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, সফরে অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আলোচনার পরিবর্তে বাংলাদেশের ভাবমূর্তি, গণতান্ত্রিক উত্তরণ এবং নতুন বাংলাদেশের জন্য সরকারের নীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন জানান, প্রধানমন্ত্রীর এবারের সফরসঙ্গীর সংখ্যা তুলনামূলকভাবে কম রাখা হয়েছে। আনুষ্ঠানিকভাবে ৩৩ জন সফরসঙ্গী রয়েছেন বলে তিনি জানান। পাশাপাশি প্রয়োজনীয় মিডিয়া, নিরাপত্তা ও ব্যক্তিগত স্টাফও রয়েছেন।

তিনি বলেন, স্বল্পসংখ্যক প্রতিনিধি নিয়ে এই সফরের উদ্দেশ্য হলো দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় আলোচনায় বাংলাদেশের স্বার্থ, সাধারণ মানুষের অধিকার এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বিষয়গুলো তুলে ধরা।

প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছেছেন। ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তিনি ২৪ সেপ্টেম্বর ভাষণ দেওয়ার কথা রয়েছে। সফরে বিভিন্ন দেশের নেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে তাঁর একাধিক বৈঠক ও কর্মসূচি রয়েছে।

Muktomon/TA