মুক্তমন রিপোর্ট : জাতীয় পর্যায়ের ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের সামাজিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবনযাত্রা নিশ্চিত করতে বিভিন্ন সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যকে সামনে রেখে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ক্রীড়া কার্ডধারীদের সুবিধা নিয়ে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
সভায় ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের জন্য গণপরিবহনে বিশেষ সুবিধা, স্বাস্থ্যসেবা, জীবনবীমা ও ঝুঁকিবীমা নিশ্চিত করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, ক্রীড়াকে সম্ভাবনাময় পেশা হিসেবে তরুণদের কাছে আরও আকর্ষণীয় করে তোলা এবং ক্রীড়াবিদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে ক্রীড়া কার্ড ও ক্রীড়া ভাতা কার্যক্রম চালু করা হয়েছে। ক্রীড়া কার্ডকে শুধু পরিচয়পত্র হিসেবে সীমাবদ্ধ না রেখে এর মাধ্যমে খেলোয়াড়দের জন্য বিভিন্ন রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক সুবিধা নিশ্চিত করার একটি সমন্বিত কাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
ইতোমধ্যে বিভিন্ন ইভেন্টের ৩২৫ জন নির্বাচিত জাতীয় ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ডের আওতায় আনা হয়েছে। এর মধ্যে ৩০০ জন নিয়মিত ক্রীড়া ভাতা পাচ্ছেন।
গণপরিবহনে ছাড়ের পরিকল্পনা
ক্রীড়া কার্ডধারীদের সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এবং বীমা খাতের কর্মকর্তাদের সঙ্গে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ক্রীড়া কার্ডধারীদের জন্য সরকারি ও বেসরকারি গণপরিবহনে ছাড়যুক্ত ভাড়ায় যাতায়াতের ব্যবস্থা চালুর বিষয়ে আলোচনা হয়েছে।
স্বাস্থ্য ও বীমা সুবিধা
ক্রীড়াকালীন দুর্ঘটনা, উন্নত চিকিৎসার ব্যয় এবং জীবনের বিভিন্ন ঝুঁকি মোকাবিলায় ক্রীড়াবিদদের বিশেষ স্বাস্থ্যসেবা, জীবনবীমা ও ঝুঁকিবীমার আওতায় আনার উদ্যোগও নেওয়া হচ্ছে।
এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি বীমা প্রতিষ্ঠানগুলো অংশীদার হিসেবে কাজ করবে বলে সভায় আলোচনা হয়।
সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, বিআইডব্লিউটিএর সদস্য মো. মোয়াজ্জেম হোসেন, ডিএমটিসিএলের পরিচালক মো. আমিনুর রহমান, জীবন বীমা কর্পোরেশনের জিএম আবু নাইম মো. মারুফ খান, বাংলাদেশ নৌপরিবহন মালিক সমিতির মহাপরিচালক ছিদ্দুকুর রহমান পাটোয়ারীসহ পরিবহন ও সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Muktomon/TA