বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, পানিবন্দি হাজারো মানুষ

চাঁপাইনবাবগঞ্জে বিপৎসীমার কাছাকাছি পদ্মা নদীর পানি
চাঁপাইনবাবগঞ্জে বিপৎসীমার কাছাকাছি পদ্মা নদীর পানি

মুক্তমন রিপোর্ট : চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। পাঙ্খা গেজ স্টেশনে বর্তমানে নদীর পানির উচ্চতা ২১ দশমিক ৭৬ মিটার রেকর্ড করা হয়েছে। সেখানে বিপৎসীমা ২২ দশমিক ৫ মিটার। অর্থাৎ বিপৎসীমার মাত্র ২৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি।

শুক্রবার জেলা পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য থেকে এ বিষয়টি জানা গেছে।

পদ্মার পাশাপাশি জেলার মহানন্দা ও পুনর্ভবা নদীতেও পানির উচ্চতা বাড়ছে। মহানন্দা নদীর খালঘাট গেজ স্টেশনে বর্তমানে পানির উচ্চতা ১৯ দশমিক ৪৩ মিটার। এ নদীর বিপৎসীমা ২০ দশমিক ৫৫ মিটার।

অন্যদিকে পুনর্ভবা নদীর রহনপুর গেজ স্টেশনে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৪৬ মিটার। নদীটির বিপৎসীমা ২১ দশমিক ৫৫ মিটার।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. রকিবুল ইসলাম বলেন, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী শনিবার পর্যন্ত পদ্মার পানি বাড়তে পারে। এরপর পানি কমতে শুরু করার সম্ভাবনা রয়েছে। বর্তমানে পানি বিপৎসীমার নিচে থাকায় বড় ধরনের বন্যার আশঙ্কা নেই।

পদ্মার পানি বাড়ায় জেলার বিভিন্ন এলাকায় পানিবন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ। বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার ইকরামুল হোসাইন।

এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আল আওয়াল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহীনুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, সহকারী শিক্ষা কর্মকর্তা মাহবুব হোসেন এবং নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজির হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা পানিবন্দি হয়ে পড়া, যাতায়াতের দুর্ভোগ, কৃষিকাজে সমস্যা এবং অন্যান্য সংকটের কথা কর্মকর্তাদের কাছে তুলে ধরেন।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা স্থানীয়দের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার ইকরামুল হোসাইন বলেন, নদীর পানি কয়েকটি স্কুল ভবনে প্রবেশ করায় সেগুলো বন্ধ রয়েছে। পানিবন্দি মানুষদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে।