মুক্তমন রিপোর্ট : শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিতর্ক, সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন সৃজনশীল ও সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ‘DUDS-ActionAid National Debate Festival 2026’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ড. আবদুল মঈন খান বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব। আগামী ১০, ১৫ বা ২০ বছর পর তারাই রাষ্ট্র ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করবে। তাই এখন থেকেই ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। রাজনীতি, সমাজনীতি বা অর্থনীতিতে ভূমিকা রাখলেও লেখাপড়াকে কোনোভাবেই অবহেলা করা যাবে না।
তিনি বলেন, শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমের সমন্বিত বিকাশের মাধ্যমেই যোগ্য নাগরিক ও নেতৃত্ব তৈরি সম্ভব। বিতর্ক শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, মত প্রকাশ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে শুধু বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া নয়, সামগ্রিক জ্ঞান ও দক্ষতা বাড়াতে বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডেও সম্পৃক্ত হতে হবে।
ছাত্রজীবনের স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, প্রায় ৬০ বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের শিক্ষার্থী থাকাকালে তিনি বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিতেন। হলের প্রতিনিধিত্ব করে টানা তিন বছর চ্যাম্পিয়ন হওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
ড. আবদুল মঈন খান বলেন, ছাত্রসমাজের অন্যতম শক্তি হলো অন্যায় ও অসঙ্গতির বিরুদ্ধে কথা বলার সক্ষমতা। বাংলাদেশের ইতিহাসেও বিভিন্ন সময়ে ছাত্রসমাজ গুরুত্বপূর্ণ পরিবর্তনে ভূমিকা রেখেছে। নতুন প্রজন্মকে এ শক্তি ও দায়িত্ববোধ ইতিবাচকভাবে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, একটি দেশের অগ্রগতির অন্যতম ভিত্তি মানসম্মত শিক্ষা ও বিশ্ববিদ্যালয়। জ্ঞান, গবেষণা ও শিক্ষার শক্তির ওপর ভিত্তি করেই একটি দেশ দীর্ঘমেয়াদে এগিয়ে যেতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ধরে রাখতে শিক্ষক ও শিক্ষার্থীদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
ডিবেট ফেস্টিভ্যালের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, ডিবেটিং সোসাইটিকে শুধু বিতর্ক আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম এগিয়ে নেওয়ার কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে হবে। এর মাধ্যমে জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও নেতৃত্বে সমৃদ্ধ নতুন প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) ও অ্যাকশনএইডের উদ্যোগে আয়োজিত এ জাতীয় বিতর্ক উৎসবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৪টি দল অংশ নিচ্ছে।
Muktomon/TA