ব্যাংককে বাংলাদেশের হয়ে গাইবে ‘বিটমোস্ফিয়ার’

‘ভয়েস অব বাংলাদেশ’ চ্যাম্পিয়ন বিটমোস্ফিয়ার ও অতিথিরা
‘ভয়েস অব বাংলাদেশ’ চ্যাম্পিয়ন বিটমোস্ফিয়ার ও অতিথিরা

প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইউরোভিশন সং কনটেস্ট’-এর এশিয়া পর্ব। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বিটবক্সিংভিত্তিক অ্যাকাপেলা ব্যান্ড ‘বিটমোস্ফিয়ার’। ‘ভয়েস অব বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে ব্যাংককে অনুষ্ঠেয় ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া’র গ্র্যান্ড ফিনালেতে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে দলটি।

‘তুমি এলে’ গান পরিবেশন করে ‘ভয়েস অব বাংলাদেশ’-এর শিরোপা জিতে নেয় বিটমোস্ফিয়ার। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত অনুষ্ঠানে দলটির হাতে ট্রফি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক প্রতিষ্ঠান বঙ্গ-এর সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আহাদ মোহাম্মদ, সিইও ফায়াজ তাহের এবং এনটিভির ব্যবস্থাপনা পরিচালক আশফাক উদ্দিন।

গ্র্যান্ড ফিনালেতে সেরা ১০ প্রতিযোগী পারফর্ম করেন। বিটমোস্ফিয়ার ছাড়াও ছিলেন কৃষাণ বর্মণ, সাবকনশাস, পুলক অধিকারী, লুবাইনা আফনান, বেনাজীর জিলানী, শরৎ, নুসরাত জাহান কৃতি, ভিন্টেজ থিওরি ও দ্য কুশিয়ারা ওয়েভস। অনুষ্ঠানে আলাদা পরিবেশনা করেন সিঁথি সাহা। এছাড়া ‘নেমেসিস’ ব্যান্ডের জোহাদও গান পরিবেশন করেন।

গ্র্যান্ড ফিনালের বিচারক ছিলেন বাপ্পা মজুমদার, ফাহমিদা নবী, হামিন আহমেদ, আঁখি আলমগীর ও শওকত আলী ইমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন তাহসান খান।

আগামী ১৪ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া’র গ্র্যান্ড ফিনালে। সেখানে বাংলাদেশের হয়ে পারফর্ম করবে ‘বিটমোস্ফিয়ার’।

Muktomon/TA