মনসুরুল আলম মনসুর : শরিয়াহর সঙ্গে সাংঘর্ষিক দাবি করে জাতীয় সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর (সংশোধনী) বিল-২০২৬ প্রত্যাহারের দাবি জানিয়েছে খেলাফত মজলিস। একই সঙ্গে জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনের ক্ষেত্রে ইসলামী মূল্যবোধকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগরী আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে এ দাবি জানানো হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেন, সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলে শরিয়াহকে অবজ্ঞা করা হয়েছে। জনগুরুত্বপূর্ণ যেকোনো আইন প্রণয়ন ও সংশোধনের ক্ষেত্রে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়া উচিত।
তিনি বলেন, আইন মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যম। মুসলমানদের সম্পত্তি হস্তান্তর, হেবা ও উত্তরাধিকারের মতো স্পর্শকাতর বিষয়ে ইসলামী শরিয়াহর বিধান উপেক্ষা করে কোনো আইন প্রণয়ন করা হলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ সমাজে অস্থিরতা তৈরি হতে পারে।
আহমদ আব্দুল কাদের অভিযোগ করেন, সরকার তড়িঘড়ি করে সংসদে সংশোধনী বিল পাসের উদ্যোগ নিয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তিনি অবিলম্বে বিতর্কিত আইনটি প্রত্যাহার এবং মানুষের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শনের দাবি জানান।
পাশাপাশি শরিয়াহ বিশেষজ্ঞ ও আলেম-ওলামাদের সঙ্গে আরও পর্যালোচনা এবং প্রকাশ্য মতামত গ্রহণের আহ্বান জানান তিনি।
খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম এবং ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
দলটির পক্ষ থেকে জানানো হয়, একই দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।