রাজিবপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের চর রাজিবপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা।
কুড়িগ্রামের চর রাজিবপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা।

মুক্তমন রিপোর্টার : “মানুষ ও পৃথিবী সমৃদ্ধির জন্য সাক্ষরতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের চর রাজিবপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, চর রাজিবপুরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে নিরক্ষরতা দূরীকরণ, শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সভায় সভাপতিত্ব করেন চর রাজিবপুর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সায়েকুল হাসান খান। অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আব্দুর রব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চর রাজিবপুর উপজেলা আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠী একটি দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। সাক্ষরতা মানুষের জ্ঞান, দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নিরক্ষরতা দূরীকরণে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

তারা আরও বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষসহ বিভিন্ন কারণে শিক্ষা থেকে বঞ্চিত জনগোষ্ঠীকে সাক্ষরতার আওতায় আনতে কার্যকর উদ্যোগ নিতে হবে। শিক্ষার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে জ্ঞানভিত্তিক, সচেতন ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।

সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়। একই সঙ্গে সমাজ থেকে নিরক্ষরতা দূর করে সবার মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।