২০ বছর পূর্তিতে আইম্যাক্সে ফিরছে নোলানের ‘দ্য প্রেস্টিজ’

 ক্রিস্টোফার নোলানের ‘দ্য প্রেস্টিজ’ সিনেমার দৃশ্যে অভিনেতারা
ক্রিস্টোফার নোলানের ‘দ্য প্রেস্টিজ’ সিনেমার দৃশ্যে অভিনেতারা

মুক্তমন রিপোর্ট : মুক্তির ২০ বছর পূর্তি উপলক্ষে আবারও বড় পর্দায় ফিরছে নির্মাতা ক্রিস্টোফার নোলানের আলোচিত সিনেমা ‘দ্য প্রেস্টিজ’। এবার প্রথমবারের মতো ৭০ মিলিমিটার আইম্যাক্স পর্দায় সিনেমাটি দেখার সুযোগ পাবেন দর্শক। আগামী ২৯ জানুয়ারি ২০২৭ সিনেমাটি পুনরায় মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছে ডিজনি।

২০০৬ সালের ২০ অক্টোবর মুক্তি পাওয়া ‘দ্য প্রেস্টিজ’ বক্স অফিসে সাফল্যের পাশাপাশি দর্শক ও চলচ্চিত্র সমালোচকদের প্রশংসা অর্জন করে। দুই মঞ্চজাদুকরের প্রতিদ্বন্দ্বিতা, রহস্য ও প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত সিনেমাটি নোলানের উল্লেখযোগ্য কাজগুলোর একটি হিসেবে বিবেচিত হয়।

সিনেমাটি পুনরায় মুক্তি পাওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ক্রিস্টোফার নোলান। এক বিবৃতিতে তিনি বলেন, ‘দ্য প্রেস্টিজ’ আবার বড় পর্দায় ফিরছে, এতে তিনি খুবই আনন্দিত। বিশেষ করে ৭০ মিলিমিটার ও আইম্যাক্সে প্রথমবারের মতো সিনেমাটি দেখার সুযোগ দর্শকদের জন্য রোমাঞ্চকর হবে বলেও মন্তব্য করেন তিনি।

‘দ্য প্রেস্টিজ’-এর গল্প আবর্তিত হয়েছে দুই মঞ্চজাদুকর রবার্ট অ্যাঞ্জিয়ার ও আলফ্রেড বর্ডেনের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতাকে ঘিরে। চরিত্র দুটিতে অভিনয় করেছেন হিউ জ্যাকম্যান ও ক্রিশ্চিয়ান বেল। এ ছাড়া সিনেমাটিতে অভিনয় করেছেন মাইকেল কেইন, স্কারলেট জোহানসন, রেবেকা হল, অ্যান্ডি সার্কিস ও ডেভিড বোয়ি।

প্রায় ৪ কোটি মার্কিন ডলার বাজেটে নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছিল প্রায় ১০ কোটি ৯০ লাখ ডলার। পাশাপাশি দুটি বিভাগে অস্কার মনোনয়নও পেয়েছিল এটি।

পরিচালনার পাশাপাশি নিজের ভাই জোনাথন নোলানের সঙ্গে যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ক্রিস্টোফার নোলান। স্ত্রী এমা থমাস ও অ্যারন রাইডারের সঙ্গে সিনেমাটি প্রযোজনাও করেন তিনি।

‘দ্য প্রেস্টিজ’-এর পর ‘দ্য ডার্ক নাইট’ ট্রিলজি, ‘ইনসেপশন’, ‘ইন্টারস্টেলার’ ও ‘ওপেনহাইমার’-এর মতো আলোচিত সিনেমা নির্মাণ করে বিশ্ব চলচ্চিত্রে নিজের অবস্থান আরও দৃঢ় করেন নোলান। তাঁর সিনেমায় জটিল কাহিনি, সময়ের নানা স্তর এবং রহস্যময় উপস্থাপনা দর্শকদের কাছে বিশেষ পরিচিতি পেয়েছে।

Muktomon/TA