মুক্তমন রিপোর্ট : দক্ষিণ ভারতীয় সিনেমা থেকে বলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। একের পর এক সিনেমায় সাফল্য পেলেও সমালোচনা পিছু ছাড়ছে না তাঁর। কখনো অভিনয়, কখনো ভাষা, আবার কখনো উচ্চারণ নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে। এবার এসব সমালোচনা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন ‘অ্যানিমেল’ অভিনেত্রী।
সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমের একটি পর্বে স্বামী ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে অতিথি হন রাশমিকা। সেখানে তাঁর কাছে সমালোচনা নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, সিনেমায় কাজ শুরুর পর থেকেই নানা কারণে তাঁকে নিন্দার মুখে পড়তে হয়েছে।
রাশমিকার ভাষ্য, কখনো অভিনয়, কখনো ভাষা, আবার কখনো উচ্চারণ নিয়ে সমালোচনা হয়েছে। তবে এসব কারণে নিজের জন্য কোনো সীমারেখা টানতে চাননি তিনি। বরং একটি ইন্ডাস্ট্রি বা নির্দিষ্ট ভাষার মধ্যে সীমাবদ্ধ না থেকে সব ইন্ডাস্ট্রিতে কাজ করতে এবং বিভিন্ন ভাষায় অভিনয় করতে চেয়েছেন।
‘পুষ্পা’খ্যাত এই অভিনেত্রী বলেন, ক্যারিয়ারের শুরু থেকেই নানা ধরনের সিনেমায় কাজ করেছেন তিনি। ‘অ্যানিমেল’ ও ‘দ্য গার্লফ্রেন্ড’-এর মতো সম্পূর্ণ ভিন্ন ঘরানার সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে একজন অভিনেত্রী হিসেবে তৃপ্তি অনুভব করছেন।
রাশমিকার মতে, দুই সিনেমার গল্প ও চরিত্রের ধরন আলাদা হলেও দুটিতেই অভিনয়ের সুযোগ পাওয়া তাঁর দীর্ঘদিনের ইচ্ছার প্রতিফলন। বিভিন্ন ধরনের চরিত্রে নিজেকে তুলে ধরতে পারাটাই তাঁর কাছে গুরুত্বপূর্ণ।
হিন্দি উচ্চারণে দক্ষিণ ভারতীয় টান থাকার কারণে রাশমিকাকে বিভিন্ন সময় সমালোচনার মুখে পড়তে হয়েছে। ‘থামা’, ‘ককটেল ২’ ও ‘সিকান্দার’-এর মতো সিনেমায় তাঁর উচ্চারণ নিয়ে আলোচনা হয়েছে।
এ বিষয়ে রাশমিকা বলেন, তাঁর উচ্চারণে দক্ষিণ ভারতীয় টান থাকা নিয়ে তিনি উদ্বিগ্ন নন। তিনি দক্ষিণ ভারতের মানুষ, তাই তাঁর কথায় সেই অঞ্চলের টান থাকাটাই স্বাভাবিক। এর বিপরীত কিছু প্রত্যাশা করাকে তিনি অযৌক্তিক বলে মনে করেন।
প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর মুক্তি পেয়েছে রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা অভিনীত নতুন সিনেমা ‘রানাবালি’। তবে মুক্তির পর বক্স অফিসে সিনেমাটি প্রত্যাশিত সাফল্য পাচ্ছে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
Muktomon/TA