প্রস্তাবিত সাইবার আইন সংশোধনী নিয়ে বিএমএসএফের উদ্বেগ

প্রস্তাবিত সাইবার আইন সংশোধনী নিয়ে উদ্বেগ জানিয়েছে বিএমএসএফ
প্রস্তাবিত সাইবার আইন সংশোধনী নিয়ে উদ্বেগ জানিয়েছে বিএমএসএফ

নিজস্ব প্রতিবেদক : প্রস্তাবিত সাইবার আইন সংশোধনীতে সংবাদ প্রকাশ ও সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানান বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কমান্ড কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর।

বিবৃতিতে আহমেদ আবু জাফর বলেন, আইন প্রণয়নের নামে বিভিন্ন সময়ে সাংবাদিকদের কণ্ঠরোধের ঘটনা ঘটেছে। তবে যেকোনো আইন প্রণয়নের আগে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করা প্রয়োজন। সাংবাদিক সমাজের মতামত উপেক্ষা করে কোনো আইন চাপিয়ে দেওয়া হলে তা গ্রহণযোগ্য হবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিএমএসএফের বিবৃতিতে বলা হয়, প্রস্তাবিত সংশোধনীতে অনলাইনে ‘গুজব’, ‘ভুল তথ্য’ বা ‘যাচাইহীন’ তথ্য প্রকাশের জন্য সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান এবং সংবাদমাধ্যমের লাইসেন্স স্থগিত বা বাতিলের মতো ক্ষমতার প্রস্তাব রয়েছে। সংগঠনটির মতে, এসব বিধান সাংবাদিকতার স্বাধীনতার ক্ষেত্রে নতুন আইনি ঝুঁকি তৈরি করতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক সাংবাদিক অধিকার সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (CPJ)ও প্রস্তাবিত সংশোধনী নিয়ে উদ্বেগ জানিয়েছে।

বিএমএসএফের মতে, ‘ভুল তথ্য’, ‘অপতথ্য’ বা ‘যাচাইহীন তথ্য’ কীভাবে নির্ধারণ করা হবে, সে বিষয়ে সুস্পষ্ট ও নিরপেক্ষ আইনগত মানদণ্ড থাকা জরুরি। অন্যথায় জনস্বার্থে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে সাংবাদিকরা হয়রানি বা মামলার মুখোমুখি হতে পারেন।

প্রস্তাবিত সংশোধনী পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে সাইবার অপরাধ দমনের পাশাপাশি সংবাদ প্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

বিএমএসএফ আরও বলেছে, বিচ্ছিন্নভাবে আইন সংশোধনের পরিবর্তে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা প্রয়োজন। সাংবাদিক সংগঠন, সম্পাদক, সংবাদমাধ্যমের মালিক, আইনজ্ঞ, প্রযুক্তিবিদসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ব্যাপক পরামর্শের ভিত্তিতে গণমাধ্যম ও সাইবার আইন প্রণয়নের দাবি জানিয়েছে সংগঠনটি।

Muktomon/TA