আসিফ আকবরের গাড়িতে গুলি, ওমর সানীর উদ্বেগ

আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় উদ্বেগ প্রকাশ করছেন চিত্রনায়ক ওমর সানী
আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় উদ্বেগ প্রকাশ করছেন চিত্রনায়ক ওমর সানী

মুক্তমন রিপোর্ট : জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন চিত্রনায়ক ওমর সানী। এ ঘটনাকে ‘অশুভ সংকেত’ উল্লেখ করে আসিফের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষতিগ্রস্ত গাড়ি ও আসিফ আকবরের ছবি দিয়ে একটি পোস্ট দেন ওমর সানী। সেখানে তিনি লেখেন, ‘গায়ক আসিফ আকবরের গাড়িতে গুলি করা একটা অশুভ সংকেত। এটা হওয়া উচিত না, আসিফ তোমার দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ ভালো রাখুন তোমাকে।’

এর আগে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, গুলির ঘটনার সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। ফলে তিনি অক্ষত রয়েছেন।

এ ঘটনায় ব্যক্তিগত বা পেশাগত কোনো বিরোধ জড়িত কি না, সে বিষয়ে পুলিশ এখনো কোনো তথ্য পায়নি বলে জানান ওসি।

আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় শোবিজ অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শিল্পীর ভক্তরাও তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।

সূত্র : ঢাকা পোস্ট

Muktomon/TA