৭৫ বছর বয়সে মারা গেলেন বলিউড অভিনেতা নানা পাটেকর

Photo : X
Photo : X

মুক্তমন রিপোর্ট : বলিউডের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্রনির্মাতা নানা পাটেকর মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে গোয়ার ডোনা পাউলায় নিজ বাসভবনে গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর তাকে মণিপাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট সিপিআর দিয়েও তাকে বাঁচাতে পারেননি। হাসপাতাল সূত্র অনুযায়ী, সকাল ৫টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

নানা পাটেকরকে তার গোয়ার বাসভবনে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে। মণিপাল হাসপাতালের চিকিৎসক শেখর সালকার জানিয়েছেন, প্রায় ৪৫ মিনিট ধরে তাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মেডিকো-লিগ্যাল কেস নথিভুক্ত করা হয়েছে এবং ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে।

১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রে জন্ম নেওয়া নানা পাটেকর ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিমান অভিনেতা হিসেবে পরিচিত ছিলেন। মঞ্চ, হিন্দি ও মারাঠি চলচ্চিত্র-সব ক্ষেত্রেই তার অভিনয়ের স্বতন্ত্র ছাপ ছিল। শক্তিশালী সংলাপ উপস্থাপন, তীব্র অভিব্যক্তি এবং জটিল চরিত্রে অভিনয়ের দক্ষতার জন্য তিনি দর্শক ও সমালোচকদের কাছে বিশেষভাবে প্রশংসিত হন।

১৯৭৮ সালে ‘গমন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর ‘পরিন্দা’, ‘প্রহার’, ‘ক্রান্তিবীর’, ‘অগ্নিসাক্ষী’, ‘যশবন্ত’, ‘আব তাক ছাপ্পান’, ‘অপহরণ’সহ বহু চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তিনি।

‘ওয়েলকাম’ সিনেমায় গ্যাংস্টার ‘উদয় শেঠি’ চরিত্রে তার অভিনয় ব্যাপক জনপ্রিয়তা পায়। ‘নটসম্রাট’সহ মারাঠি চলচ্চিত্রেও তার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

নানা পাটেকর তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হয়েছেন। ২০১৩ সালে শিল্পকলায় অবদানের জন্য তিনি পদ্মশ্রী পুরস্কারও পান।

তার মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। প্রায় পাঁচ দশকের অভিনয়জীবনে নানা পাটেকর যে স্বতন্ত্র অভিনয়শৈলী তৈরি করেছিলেন, তা ভারতীয় চলচ্চিত্রে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।