লন্ডনে মারা গেছেন বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী

 বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী।

মুক্তমন রিপোর্ট : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা পোস্টকে বিডিনিউজের একাধিক সাংবাদিক তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তৌফিক ইমরোজ খালিদী বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনের পরিচিত ব্যক্তিত্ব ছিলেন। ২০০৬ সাল থেকে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বিডিনিউজে যোগ দেওয়ার আগে তিনি বাংলাদেশের একটি ব্রডশিট পত্রিকায় সাংবাদিকতা করেন। পরে যুক্তরাজ্যের বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবে কাজ করেন। ঢাকা ও লন্ডনসহ বিভিন্ন স্থানে গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণও নিয়েছেন তিনি।

সম্প্রচার, মুদ্রণ ও ডিজিটাল—সাংবাদিকতার তিন মাধ্যমেই তাঁর কাজের অভিজ্ঞতা ছিল। ব্যবসা, রাজনীতি, অর্থনীতি, উন্নয়ন ও আন্তর্জাতিক বিষয়সহ বিভিন্ন ক্ষেত্রে সাংবাদিকতা করেছেন তিনি।

২০১৭ সালে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কারে বিশেষ সম্মাননা পান তৌফিক ইমরোজ খালিদী। ডিজিটাল বাংলাদেশে অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। ওই বছরের ১২ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তৎকালীন স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

দেশে অনলাইন সাংবাদিকতার বিকাশেও তাঁর ভূমিকা ছিল। ২০০৬ সালে তাঁর নেতৃত্বে বিডিনিউজ নতুন ব্যবস্থাপনায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নামে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করে। ২০১৭ সালের একটি প্রতিবেদনে প্রতিষ্ঠানটিকে বাংলাদেশের প্রথম সার্বক্ষণিক অনলাইন সংবাদ প্রকাশক হিসেবে উল্লেখ করা হয়েছিল।

তবে লন্ডনে তাঁর মৃত্যুর কারণ, বয়স এবং শেষ সময়ের বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Muktomon/TA