মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩, আহত অন্তত ২০

 গোপালগঞ্জের মুকসুদপুরে খাদে পড়া যাত্রীবাহী বাস
 গোপালগঞ্জের মুকসুদপুরে খাদে পড়া যাত্রীবাহী বাস

মুক্তমন রিপোর্টার : গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার গেড়াখোলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসটি গেড়াখোলা ব্রিজের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। পরে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসের কয়েকজন যাত্রী হতাহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিহত ও অন্তত ২০ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।