মুক্তমন রিপোর্ট : রাজধানীর গুলিস্তানের জিপিও মোড় এলাকায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর ইসলাম জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কয়েকজনকে থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া নেওয়া হবে বলে জানান তিনি।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বলেন, জাসদের প্রধান কার্যালয়ে বহিরাগত কিছু লোকজনের অবস্থান এবং বৈঠক চলার তথ্য পাওয়া যায়। সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনাও পুলিশের নজরে আসে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রাইম ও গোয়েন্দা পুলিশের যৌথভাবে অভিযান পরিচালনা করছে। এরই মধ্যে অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নিয়ে পল্টন থানায় নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি প্রাপ্ত তথ্য যাচাই করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, অভিযান চলমান রয়েছে। জিজ্ঞাসাবাদ ও তথ্য বিশ্লেষণের পর পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
Muktomon/TA