মুক্তমন রিপোর্ট : চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) চক্রে বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে বলে মনে করেন দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। সামনে আরও কয়েকটি ম্যাচ থাকায় ফাইনালে ওঠার সুযোগ রয়েছে বলেও বিশ্বাস তার।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মুশতাক বলেন, ‘ইনশাআল্লাহ সম্ভব (ফাইনাল খেলা)। কেন নয়। ভালো খেলতে হবে, ভালো অবস্থানে আছি আমরা। বিশ্বাস রেখে খেলতে হবে।’
বাংলাদেশ এখন যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে বলেও মনে করেন তিনি। মুশতাক বলেন, স্কিল ও খেলোয়াড়—দুটিই বাংলাদেশের আছে; প্রয়োজন আত্মবিশ্বাস ধরে রেখে মাঠে নামা।
অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে তাদের নিজ দেশের মাটিতেও বাংলাদেশ জিততে পারে বলে বিশ্বাস করেন মুশতাক। তার মতে, জয়ের জন্য হারার ভয় থেকে বেরিয়ে আসা গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সের উদাহরণ দিয়ে তিনি বলেন, পাকিস্তানে সবুজ উইকেটে হারের পর বাংলাদেশে একই ধরনের উইকেটে পাকিস্তানকে হারিয়েছে দল। এমনকি সবুজ উইকেটেও বাংলাদেশের স্পিনাররা কার্যকর ভূমিকা রাখতে পারছেন বলে উল্লেখ করেন তিনি।
মুশতাক বলেন, জয়ের জন্য মানসিকতার পরিবর্তন জরুরি। হারার ভয় না থাকলে জয়ের সম্ভাবনা বাড়ে এবং কোচ হিসেবে খেলোয়াড়দের মানসিকতার এই পরিবর্তন আনাই তাদের অন্যতম কাজ।
দলের সাম্প্রতিক সাফল্যের কৃতিত্ব একা নিতে চান না মুশতাক। নির্বাচক, কোচ, খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সবাইকে এর কৃতিত্ব দিয়ে তিনি বলেন, সবাই একই লক্ষ্যে বিশ্বাসী এবং যেকোনো দলকে চ্যালেঞ্জ করার আত্মবিশ্বাস এখন দলের মধ্যে রয়েছে।
বাংলাদেশের খেলোয়াড়দের সামর্থ্যের প্রশংসা করে মুশতাক আরও বলেন, তারা যেকোনো পরিস্থিতি থেকে ম্যাচ জয়ের চেষ্টা করতে পারেন। তাই প্রতিপক্ষ যে দলই হোক, বাংলাদেশ তাদের চ্যালেঞ্জ জানাতে সক্ষম।
Muktomon/TA