মুক্তমন রিপোর্ট : বুয়েনস আয়ার্সের মনুমেন্তালে বুরকিনা ফাসোকে ৭-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। বড় ব্যবধানের এই জয় উদযাপনের উপলক্ষ হওয়ার কথা থাকলেও ম্যাচটি ঘিরে প্রতিপক্ষ দলের প্রস্তুতি ও সফর নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
আফ্রিকার কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিমান ভ্রমণের ব্যবস্থা নিয়ে মতবিরোধের কারণে বুরকিনা ফাসোর মূল জাতীয় দল সফরে যেতে অস্বীকৃতি জানায়। পরে দেশটির ফুটবল ফেডারেশনকে জরুরি ভিত্তিতে বিকল্প দল গঠন করতে হয়।
প্রতিবেদন অনুযায়ী, সেই দলে অনূর্ধ্ব-২৩ পর্যায়ের বেশ কয়েকজন ফুটবলারকে রাখা হয়। প্রায় ১১ ঘণ্টার দীর্ঘ সফর শেষে ম্যাচ শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে বুয়েনস আয়ার্সে পৌঁছান তারা। ফলে পর্যাপ্ত বিশ্রাম ও প্রস্তুতির সুযোগ ছাড়াই বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামতে হয় তাদের।
আর্জেন্টিনা ও বুরকিনা ফাসোর মূল জাতীয় দলের প্রীতি ম্যাচ দেখার আশায় হাজারো দর্শক টিকিট কিনেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামে বুরকিনা ফাসোর পরিবর্তিত একটি দল।
এমন পরিস্থিতিতে ম্যাচটির প্রতিযোগিতামূলক মান ও আয়োজন নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুই দলের জন্য সমান প্রস্তুতির সুযোগ ছিল কি না, তা নিয়েও আলোচনা তৈরি হয়েছে।
আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন তুলনামূলক কম খরচের প্রতিপক্ষ খুঁজছিল—এমন দাবিও কিছু প্রতিবেদনে এসেছে। তবে এ অভিযোগের পক্ষে নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। ফলে বিষয়টিকে আপাতত প্রতিবেদনভিত্তিক দাবি হিসেবেই দেখা হচ্ছে।
আর্জেন্টিনার ৭-০ ব্যবধানের জয় নিয়ে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ম্যাচ আয়োজনের সার্বিক পরিস্থিতিও এখন আলোচনায়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর স্পষ্ট ব্যাখ্যা পাওয়া গেলে বিতর্কের অবসান হতে পারে।
Muktomon/TA