২.৯২ পয়েন্ট নিয়ে এশিয়ান গেমসে তৃতীয় ফাতেমা

এশিয়ান গেমস ২০২৬-এর শর্টবোর্ড সার্ফিংয়ে বাংলাদেশের ফাতেমা আক্তার
এশিয়ান গেমস ২০২৬-এর শর্টবোর্ড সার্ফিংয়ে বাংলাদেশের ফাতেমা আক্তার

মুক্তমন রিপোর্ট : এশিয়ান গেমস ২০২৬-এর উইমেন্স শর্টবোর্ড সার্ফিংয়ে রাউন্ড-১-এর হিটে তৃতীয় হয়েছেন বাংলাদেশের ফাতেমা আক্তার।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাপানের আইচি-নাগোয়ার প্যাসিফিক লং বিচে অনুষ্ঠিত রাউন্ড-১-এর দ্বিতীয় হিটে মোট ২.৯২ পয়েন্ট অর্জন করেন বাংলাদেশের এই সার্ফার।

হিটে ফাতেমা একটি ওয়েভ থেকে সর্বোচ্চ ২.৫০ পয়েন্ট পান। দ্বিতীয় স্কোরিং ওয়েভে তাঁর স্কোর ছিল ০.৮৩ পয়েন্ট। তবে ‘ইন্টারফেয়ারেন্স পেনাল্টি’র কারণে সেটি কমে ০.৪২ পয়েন্টে নেমে আসে। ফলে দুই সেরা ওয়েভ মিলিয়ে তাঁর চূড়ান্ত স্কোর দাঁড়ায় ২.৯২ পয়েন্ট।

এই হিটে ৭.৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিলেন চীনের জিন শুহান। তাঁর দুটি স্কোর ছিল ৪.০০ ও ৩.৭৩ পয়েন্ট। ৫.০৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হন ইন্দোনেশিয়ার কিয়া জো হেয়ার।

রাউন্ড-১ পেরিয়ে ফাতেমা পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ পেয়েছেন। নারী শর্টবোর্ড সার্ফিংয়ের পরবর্তী রাউন্ডগুলো শনিবার (২৬ সেপ্টেম্বর) প্যাসিফিক লং বিচে অনুষ্ঠিত হওয়ার সূচি রয়েছে।

Muktomon/TA