মুক্তমন রিপোর্ট : ১৩তম জাতীয় সংসদে যুক্ত হলেন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নবনির্বাচিত দুই সংসদ সদস্য। উপনির্বাচনে জয়ী মাহমুদুল হক রুবেল ও রেজাউল করিম বাদশা রোববার (১২ এপ্রিল) সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।
দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের চতুর্থ তলায় স্পিকারের কার্যালয়ে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাদের শপথবাক্য পাঠ করান। শপথ শেষে দুই এমপি শপথ নিবন্ধনে স্বাক্ষর করেন এবং স্পিকারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মিয়া নূরুদ্দিন আহমেদ অপু ও এবিএম আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন।
সংসদ সচিব গোলাম সারওয়ার ভূঁইয়া শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
যেভাবে শূন্য হয় দুই আসন
১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট অনুষ্ঠিত হয়। বৈধ প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন।
অন্যদিকে তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬—দুই আসনে জয়ী হন। পরে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দিলে আসনটি শূন্য হয়। এরপর শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ৯ এপ্রিল উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
উপনির্বাচনে বিজয়ী মাহমুদুল হক রুবেল ও রেজাউল করিম বাদশার নাম উল্লেখ করে শনিবার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
সংসদে শপথ নিলেন ২৯৮ সদস্য
এর আগে ১৭ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ২৯৭টি আসনে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। তখন আগের সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত এমপিদের শপথ পড়ান।
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের দুই এমপি শপথ নেওয়ার পর এখন পর্যন্ত মোট ২৯৮ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন।
এদিকে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ভোট গণনা শেষ হলেও আদালতের নির্দেশে ফলাফল ঘোষণা করা হয়নি। প্রার্থিতা-সংক্রান্ত মামলার নিষ্পত্তির পর ওই দুই আসনের ফল ঘোষণা করা হবে।
Muktomon/TA