রোহিঙ্গাদের সহায়তায় জাপানের সহযোগিতা বাড়ানোর আহ্বান

রোহিঙ্গা ইস্যুতে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইনের সঙ্গে জাপানের প্রতিনিধি দলের বৈঠক
রোহিঙ্গা ইস্যুতে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইনের সঙ্গে জাপানের প্রতিনিধি দলের বৈঠক

মুক্তমন রিপোর্টার : রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি, মানবিক সহায়তা কার্যক্রম এবং আন্তর্জাতিক অর্থায়ন সংকট নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইনের সঙ্গে জাপানের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে জাপানের The Nippon Foundation ও Sasakawa Peace Foundation (SPF)-এর প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান Mr. Yohei Sasakawa

বৈঠকে কক্সবাজার ও ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি, চলমান মানবিক সহায়তা কার্যক্রম এবং আন্তর্জাতিক অর্থায়ন সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে উল্লেখ করা হয়, বৈদেশিক মানবিক সহায়তা ও অর্থায়ন কমে যাওয়ায় রোহিঙ্গাদের জন্য খাদ্য, পুষ্টি, স্বাস্থ্যসেবা, পানি ও স্যানিটেশন, সুরক্ষা, আশ্রয়সহ বিভিন্ন জরুরি মানবিক কার্যক্রম অব্যাহত রাখা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। এ অবস্থায় রোহিঙ্গাদের মৌলিক মানবিক প্রয়োজন নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীদারদের অব্যাহত, পর্যাপ্ত ও দীর্ঘমেয়াদি অর্থায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

বিশেষ করে কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা এবং অর্থায়ন সংকট মোকাবিলায় The Nippon Foundation ও Sasakawa Peace Foundation (SPF)-এর সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানানো হয়।

এ ছাড়া রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান হিসেবে দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে আন্তর্জাতিক পরিসরে প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার জন্য জাপানের প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানানো হয়।

প্রতিনিধি দল রোহিঙ্গাদের জন্য চলমান কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখা এবং ভবিষ্যতে সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন সহযোগীদের মধ্যে সমন্বিত ও কার্যকর অংশীদারিত্ব আরও জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। জাপানের প্রতিনিধি দলের মধ্যে ছিলেন Ms. Akiko Horiba, Director, Center for Mediation Support, Sasakawa Peace Foundation এবং Mr. Shota Nakayasu, Secretary to the Honorary Chair & General Manager, The Nippon Foundation-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।