কে-পপ তারকা ইজের বিয়ে, জীবনসঙ্গী স্যাম কিম

দক্ষিণ কোরিয়ার ঐতিহ্যবাহী হানবক পোশাকে বিয়ের আসরে সংগীতশিল্পী ইজে ও স্যাম কিম।
দক্ষিণ কোরিয়ার ঐতিহ্যবাহী হানবক পোশাকে বিয়ের আসরে সংগীতশিল্পী ইজে ও স্যাম কিম।

মুক্তমন রিপোর্ট : ‘কে-পপ ডেমন হান্টার্স’ দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া সংগীতশিল্পী ইজে বিয়ে করেছেন দীর্ঘদিনের প্রেমিক স্যাম কিমকে। গত ১৭ অক্টোবর দক্ষিণ কোরিয়ার সিউলে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ঐতিহ্যবাহী কোরীয় বিয়ের পোশাক হানবকে সেজে নতুন জীবনের অধ্যায় শুরু করেছেন এই সংগীতশিল্পী।

‘গোল্ডেন’ গানের জন্য অস্কার জয়ের পর থেকেই আলোচনায় ছিলেন ইজে। এবার তাঁর বিয়ের খবর ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে।

ভোগ ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের স্থানটি ইজের কাছে বিশেষ স্মৃতিবিজড়িত। ছোটবেলায় সেখানে তাঁর দাদা-দাদি থাকতেন। শৈশবের অনেকটা সময় ওই বাড়ির বাগানে ঘুরে এবং পেছনের পাহাড়ে দাদুর সঙ্গে হাঁটাহাঁটি করে কাটিয়েছেন তিনি।

বিয়েতে ইজের পরনে ছিল সবুজ ও সোনালি কারুকাজ করা ঐতিহ্যবাহী হানবক। এর সঙ্গে ছিল গাঢ় লাল রঙের লম্বা স্কার্ট। পোশাকের ওপরের অংশটি ‘ডাঙ্গুই’ এবং স্কার্টটি ‘চিমা’ নামে পরিচিত। সোনালি নকশার পাশাপাশি পোশাকের বুকের মাঝখানে ছিল ড্রাগনের প্রতিকৃতি। চুলের ঐতিহ্যবাহী অলংকারও তাঁর সাজে যোগ করেছে ভিন্ন মাত্রা। পোশাকটি নকশা করেছেন দক্ষিণ কোরিয়ার ডিজাইনার হান উন-হি।

অন্যদিকে, স্যাম কিমের পরনে ছিল হালকা সোনালি-খয়েরি রঙের হানবক। সাদা কলার, কোমরে গাঢ় রঙের বাঁধন এবং বুকে গোলাপি ফিতার মতো অলংকরণে তাঁর সাজেও ফুটে উঠেছিল কোরীয় ঐতিহ্য।

ইজে ও স্যামের পরিচয় ২০১৭ সালে। সে সময় স্যাম সংগীত প্রযোজক হিসেবে কাজ করতেন। গানের একটি সেশনে একসঙ্গে কাজ করার সূত্রেই তাঁদের পরিচয় হয়। ২০২৩ সালে বাগ্‌দান হলেও সম্পর্কের ব্যক্তিগত দিকগুলো আড়ালেই রেখেছিলেন তাঁরা। পরে ২০২৬ সালের জানুয়ারিতে ইনস্টাগ্রামে কয়েকটি ছবি প্রকাশ করে বাগ্‌দানের খবর জানান ইজে।

Muktomon/TA