গফরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

 গফরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন
গফরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

মকবুল হোসেন : ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় প্রধানমন্ত্রী ঘোষিত ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন কার্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে গফরগাঁও পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়। পাশাপাশি ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রমও পরিচালনা করা হয়।

সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে বিশেষ এই অভিযান আগামী তিন মাস চলবে। এর পাশাপাশি পৌর এলাকায় নিয়মিতভাবে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধনের ওষুধ ছিটানোর কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় পৌরবাসীর প্রতি বাড়ির আশপাশে যাতে কোনো ধরনের পানি জমে না থাকে, সে বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি সপ্তাহে অন্তত একদিন এক ঘণ্টা সময় দিয়ে নিজ বাড়ি ও আঙিনা পরিষ্কার রাখার অনুরোধ জানানো হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের কার্যক্রমের ওপর নির্ভর না করে প্রতিটি পরিবার ও নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

সংশ্লিষ্টরা বলেন, ‘আসুন, সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন গফরগাঁও গড়ে তুলি।’

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

Muktomon/TA