মহাখালীতে পুরোনো ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

রাজধানীর মহাখালীতে ভবনে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কার্যক্রম
রাজধানীর মহাখালীতে ভবনে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মহাখালীতে একটি পুরোনো ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা ১২ মিনিটে মহাখালী এলাকায় অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করে জানান, মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পেছনে একটি পুরোনো ভবনে আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

তিনি জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।