রনজিৎ সরকার রাজ : মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে তিনি বীরগঞ্জ-কাহারোল এলাকার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সাক্ষাৎকালে মনজুরুল ইসলাম বলেন, মহামান্য রাষ্ট্রপতি দীর্ঘদিন দলের মহাসচিবের দায়িত্ব পালনকালে প্রবল প্রতিকূলতার মধ্যেও ধৈর্য, সততা ও নিষ্ঠার সঙ্গে দলকে পরিচালনা করেছেন। পরবর্তীতে মন্ত্রী হিসেবেও দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
তিনি বলেন, রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার আগের দিন পর্যন্ত তিনি অভিভাবকের মতো পাশে থেকে আগলে রেখেছেন।
দিনাজপুর-১ আসনের এই সংসদ সদস্য আরও বলেন, “বীরগঞ্জ-কাহারোল দীর্ঘদিন ধরে অবহেলিত। এ অঞ্চলের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের প্রয়োজনীয় বিষয়গুলো মহামান্য রাষ্ট্রপতির কাছে তুলে ধরেছি। তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে বিষয়গুলো শুনেছেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।”
তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতির সঙ্গে এ সাক্ষাৎ বীরগঞ্জ-কাহারোলের উন্নয়ন ও জনগণের কল্যাণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।