অনলাইন ডেস্ক : জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে (UNGA) যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের নিয়ে তিনি নিউইয়র্কের উদ্দেশে রওনা হন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এএএম সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রীকে বহনকারী তুর্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভোর ৬টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ২৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
সফরে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার।
তুর্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি প্রায় ৮ ঘণ্টা ৪৫ মিনিট পর ইস্তাম্বুলে পৌঁছানোর কথা। সেখানে প্রায় ২ ঘণ্টা ৩৫ মিনিটের যাত্রাবিরতির পর ফ্লাইটটি নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবে। নিউইয়র্কে পৌঁছানোর পর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৮১তম সাধারণ অধিবেশনের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এবারের অধিবেশনের প্রতিপাদ্য— ‘Restoring Trust, Managing Transformation: A United Nations That Delivers for All’।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ২২ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্বাগত প্রাতরাশে অংশ নেবেন। একই দিন সাধারণ অধিবেশনের উদ্বোধনী পর্ব এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আয়োজিত সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে।
২৩ সেপ্টেম্বর বৈশ্বিক বৈষম্য সংকট মোকাবিলা, জলবায়ু পরিবর্তন ও ন্যায্য রূপান্তরবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। একই দিনে রোহিঙ্গা সংকট নিয়ে একটি সাইড ইভেন্টে অংশ নিয়ে মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতার বিষয়টি তুলে ধরার কথা রয়েছে।
২৪ সেপ্টেম্বর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সৃষ্ট অস্তিত্বের হুমকি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে উদ্বোধনী বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পাশাপাশি বাংলাদেশ আয়োজিত দুটি সাইড ইভেন্টেও অংশ নেবেন তিনি। মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য এবং ধাত্রীসেবা বিষয়ক একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেও বক্তব্য দেবেন।
সফরের ফাঁকে কুয়েতের ক্রাউন প্রিন্স এবং ক্রোয়েশিয়া, ভুটান, থাইল্যান্ড, পাকিস্তান ও হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। জাতিসংঘ মহাসচিব, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে মেটা, ওয়াল স্ট্রিট এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাত ১১টায় নিউইয়র্কের জেএফকে বিমানবন্দর থেকে এমিরেটসের ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।