মুক্তমন রিপোর্ট : নিউইয়র্কে নিজের ফ্যাশনেবল লুকের ছবি প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছেন অভিনেত্রী তমা মির্জা। অফ-হোয়াইট টপস, সাদা ওভারকোট ও কালো চশমায় তাঁর নতুন ছবিগুলো সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছে।
গত ১০ অক্টোবর নিউইয়র্কে অনুষ্ঠিত ‘ঢালিউড অ্যাওয়ার্ডস ২০২৬’-এ অংশ নিতে সেখানে যান তমা মির্জাসহ ঢালিউডের বেশ কয়েকজন তারকা। অনুষ্ঠান শেষ হলেও গত কয়েকদিন ধরে নিউইয়র্কেই অবস্থান করছেন এই অভিনেত্রী।
শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর পাশাপাশি সামাজিক মাধ্যমে নিয়মিত নিজের ভ্রমণের মুহূর্তগুলো ভাগ করে নিচ্ছেন তিনি। সম্প্রতি প্রকাশ করা কয়েকটি ছবিতে তাঁকে দেখা গেছে ফরমাল পোশাকে। হালকা অফ-হোয়াইট টপসের ওপর সাদা ওভারকোট এবং চোখে কালো চশমা—এই সাজে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তমা।
নিউইয়র্কের একটি স্ট্রিট ক্যাফেতে বসেও ছবি তুলেছেন অভিনেত্রী। কয়েকটি ছবিতে তাঁর আত্মবিশ্বাসী ও গ্ল্যামারাস উপস্থিতি চোখে পড়েছে।
ছবিগুলোর ক্যাপশনে তমা মির্জা লিখেছেন, ‘ঝরে পড়া সোনালি পাতার মরশুম এবং কিছু অবিস্মরণীয় মুহূর্ত। নিউইয়র্ক সবসময়ই একটা আলাদা অনুভূতি।’
সামাজিক মাধ্যমে ছবিগুলো প্রকাশের পর ভক্ত ও অনুরাগীদের পাশাপাশি সহকর্মীদেরও প্রশংসাসূচক মন্তব্য করতে দেখা গেছে।
Muktomon/TA