মুক্তমন রিপোর্ট : মেয়েদের এশিয়া কাপের ফাইনালে ট্রফি গ্রহণ না করার ঘটনা নিয়ে ভারতীয় দলের সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক ব্যাটার মোহাম্মদ ইউসুফ। একই সঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির প্রতি সমর্থন জানিয়েছেন তিনি।
রোববার ছেলেদের পর মেয়েদের এশিয়া কাপেও চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসিসি প্রধান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করেননি ভারতীয় দলের খেলোয়াড়রা। এর আগে গত বছরও একই ধরনের পরিস্থিতিতে ভারতের ট্রফি গ্রহণ না করার ঘটনা নিয়ে আলোচনা হয়েছিল।
মেয়েদের ফাইনালেও ভারতীয় দলের খেলোয়াড়রা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাঠে উপস্থিত হননি। ফলে নাকভিকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। পরে তিনি শ্রীলঙ্কার রানার্সআপ দলের সদস্যদের হাতে মেডেল ও চেক তুলে দিয়ে মাঠ ছাড়েন।
ঘটনাটি নিয়ে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের মতামত প্রকাশ করেন মোহাম্মদ ইউসুফ। সেখানে তিনি ভারতের বিরুদ্ধে জাতীয় গর্বকে ঔদ্ধত্যে পরিণত করার অভিযোগ তোলেন এবং মহসিন নাকভির প্রতি সমর্থন জানান।
ইউসুফ লেখেন, “যখন জাতীয় গর্ব ঔদ্ধত্যে পরিণত হয়, বিজয় তখন পুরস্কার বা সম্মান এনে দেয় না। একটি দল হয়তো জিততে পারে, কিন্তু যে জাতির মাঝে বিনয় নেই, তারা পরাজিতই থেকে যায়।”
পোস্টের শেষাংশে মহসিন নাকভিকে সমর্থন জানিয়ে সাবেক এই পাকিস্তানি ব্যাটার লেখেন, “ভালো করেছেন মহসিন নাকভি।”
ট্রফি গ্রহণ না করার বিষয়ে ভারতীয় দলের পক্ষ থেকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, সেটি নিয়ে দুই দেশের ক্রিকেট অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে। ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্কের রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের প্রভাবও এ ধরনের ঘটনাকে ঘিরে আলোচনায় উঠে আসছে।
Muktomon/TA