৭১ বছর বয়সে মারা গেলেন অভিনেত্রী মিঠু মুখার্জি

বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখার্জি
বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখার্জি

মুক্তমন রিপোর্ট : বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখার্জি আর নেই। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর রোববার রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে ৭১ বছর বয়সে মারা যান তিনি।

সত্তরের দশকে বাংলা সিনেমার পরিচিত মুখ হয়ে ওঠেন মিঠু মুখার্জি। অভিনয়ের স্বতন্ত্র ধরন ও পর্দায় উপস্থিতির মাধ্যমে দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। পরবর্তী সময়ে ধীরে ধীরে অভিনয় ও জনসম্মুখ থেকে নিজেকে গুটিয়ে নেন এই অভিনেত্রী।

১৯৭২ সালে চিত্ত বসুর ‘শেষ পর্ব’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিঠু মুখার্জির। এরপর দীনেন গুপ্তর ‘মর্জিনা আবদুল্লা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি।

‘নিশিকন্যা’, ‘মৌচাক’ ও ‘স্বয়ংসিদ্ধা’সহ একাধিক বাংলা সিনেমায় অভিনয় করেছেন মিঠু। বিশেষ করে ‘মৌচাক’ সিনেমায় তার অভিনয় দর্শকের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়।

বাংলা সিনেমার পাশাপাশি হিন্দি চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি। ‘খান দোস্ত’ সিনেমার মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে অভিষেকের পর ‘সফেদ ঝুট’, ‘দিল্লাগি’ ও ‘দো লড়কে দোনো কড়কে’ সিনেমায় দেখা যায় তাকে।

দীর্ঘ বিরতির পর ১৯৯০ সালে ‘আশ্রিতা’ সিনেমার মাধ্যমে আবার পর্দায় ফেরেন মিঠু মুখার্জি। তবে এরপর নিয়মিত অভিনয়ে দেখা যায়নি তাকে।

তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহশিল্পী রঞ্জিত মল্লিকও মিঠুর মৃত্যুতে শোক প্রকাশ করে তার অভিনয় ও একসঙ্গে কাজের স্মৃতি স্মরণ করেছেন।

Muktomon/TA