ডিএসসিসির ১০ অঞ্চলে একযোগে ‘ক্লিনিং ডে’ কর্মসূচি

ডিএসসিসির ক্লিনিং ডে কর্মসূচিতে পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারীরা
ডিএসসিসির ক্লিনিং ডে কর্মসূচিতে পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারীরা

মুক্তমন রিপোর্টার : ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন নগর গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ১০টি অঞ্চলে একযোগে ‘ক্লিনিং ডে’ কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল নগর পরিচ্ছন্নতা কার্যক্রমে নাগরিকদের সরাসরি সম্পৃক্ত করা এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধি করা।

ডিএসসিসির ১০টি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে ৭৫টি ওয়ার্ডে একযোগে এ পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালিত হয়।

সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা দিবসকে কার্যকর ও ফলপ্রসূ করতে ডিএসসিসি এলাকায় প্রতি মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ পালন করা হচ্ছে।

কর্মসূচির আওতায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, শপিং কমপ্লেক্স এবং নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়। পাশাপাশি যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

দিনব্যাপী কর্মসূচিতে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সামাজিক অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

ডিএসসিসি কর্তৃপক্ষ জানায়, পরিচ্ছন্ন নগর গড়তে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়; নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও প্রয়োজন। এ ধরনের কর্মসূচির মাধ্যমে নগরবাসীর মধ্যে পরিচ্ছন্নতা ও দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনার অভ্যাস গড়ে তোলাই মূল উদ্দেশ্য।