মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধা, ইতিহাস চিরকাল থাকবে

লিওনেল মেসির বিদায়ে ক্রিস্টিয়ানো রোনালদোর শ্রদ্ধার বার্তা
লিওনেল মেসির বিদায়ে ক্রিস্টিয়ানো রোনালদোর শ্রদ্ধার বার্তা

মুক্তমন রিপোর্ট : আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির বিদায়কে ঘিরে আবেগঘন বার্তা দিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। মেসির ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করে তিনি আর্জেন্টাইন তারকার দীর্ঘ ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

২০২৬ ফিফা বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার ঘোষণা দেন মেসি। বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর আর্জেন্টিনার জার্সিতে সমর্থকদের বিদায় জানাতে আরও একটি ম্যাচ খেলেন তিনি।

সেই ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন মেসি। আন্তর্জাতিক ক্যারিয়ারে বিভিন্ন সময়ে তাঁর পাশে থাকা সতীর্থ, কোচ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

মেসির সেই পোস্টের মন্তব্যের ঘরে রোনালদো লেখেন, ‘লিও, এত বছর নিজের দেশের হয়ে খেলেছ এবং এমন এক ইতিহাস রেখে গেছ, যা চিরকাল থাকবে। আর্জেন্টিনার হয়ে যা অর্জন করেছ, তার প্রতি আমার পূর্ণ সম্মান। আলিঙ্গন।’

প্রায় দুই দশক ধরে ফুটবল বিশ্বে পাশাপাশি পথচলা মেসি ও রোনালদোকে সর্বকালের অন্যতম সেরা দুই ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়। দীর্ঘ এই সময়ে দুজনের মধ্যে ব্যক্তিগত পুরস্কার ও সাফল্য নিয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতাও ছিল।

আর্জেন্টিনার হয়ে ২০২২ বিশ্বকাপ জয়ের পাশাপাশি মেসি আটবার ব্যালন ডি’অর জিতেছেন। অন্যদিকে রোনালদোও ফুটবল ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড় হিসেবে নিজের অবস্থান প্রতিষ্ঠা করেছেন।