মুক্তমন রিপোর্ট : দীর্ঘ ৪৯ দিনের কার্যক্রম শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে (ডিসিইউ) সাত কলেজের শিক্ষার্থীদের সম্পূর্ণ অ্যাকাডেমিক তথ্য স্থানান্তর করা হয়েছে। এর মধ্য দিয়ে ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রায় ৫৪ হাজার শিক্ষার্থীর অ্যাকাডেমিক মাইগ্রেশন সম্পন্ন হলো।
বুধবার (১৪ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ডিসিইউ উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমানের কাছে অ্যাকাডেমিক তথ্য-উপাত্ত হস্তান্তর করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক উপস্থিত ছিলেন।
এ ছাড়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সালমা বেগম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বোরহান উদ্দিন এবং রেজিস্ট্রার অনুষ্ঠানে অংশ নেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ডিসিইউর শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সার্বিক সফলতা কামনা করেন। তিনি বলেন, সাত কলেজের শিক্ষার্থীদের অ্যাকাডেমিক তথ্য-উপাত্ত আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের ফলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অন্যদিকে, দ্রুততম সময়ের মধ্যে শিক্ষার্থীদের তথ্য-উপাত্ত হস্তান্তর করায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ডিসিইউ উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান। তিনি বলেন, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।
Muktomon/TA