মুক্তমন রিপোর্টার : ইংল্যান্ড সফরে পাকিস্তানের টেস্ট ব্যর্থতার পর দেশটির ক্রিকেটে নতুন করে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। ব্যর্থতার পর প্রধান কোচ সরফরাজ আহমেদ ও সাত খেলোয়াড়কে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের এমন পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার সাঈদ আজমল।
আজমলের মতে, পাকিস্তানের ক্রিকেটারদের মনোবল ভেঙে দেওয়ার ক্ষেত্রে বাইরের সমালোচকদের চেয়ে পিসিবির ভূমিকা বেশি। ভালো খেলেও কয়েকজন ক্রিকেটার বাদ পড়েছেন এবং কেউ কেউ বোর্ডের সিদ্ধান্তে অপমানিত হয়েছেন বলেও অভিযোগ করেছেন তিনি।
সামা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের সাবেক এই স্পিনার বলেন, বর্তমান পরিস্থিতি হঠাৎ তৈরি হয়নি। বোর্ডের সিদ্ধান্ত ও ব্যবস্থাপনাই ধীরে ধীরে সংকটকে আরও গভীর করেছে।
আজমল বিশেষভাবে নির্বাচক আকিব জাভেদ ও তৃতীয় টেস্টের দায়িত্ব পাওয়া কোচ মাইক হেসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, এই দুজন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ন্ত্রণ করছেন এবং বর্তমান বিশৃঙ্খলার জন্য তাঁদেরও দায় রয়েছে।
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি অবশ্য এর আগে সমালোচকদের প্রতি খেলোয়াড়দের নিয়ে নেতিবাচক মন্তব্য না করার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু আজমলের বক্তব্য অনুযায়ী, বোর্ডের কর্মকাণ্ডেই খেলোয়াড়দের ওপর সবচেয়ে বেশি চাপ তৈরি হচ্ছে।
পাকিস্তান দলের ভবিষ্যৎ নিয়েও হতাশা প্রকাশ করেছেন আজমল। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবকে বড় সমস্যা হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, পাকিস্তান ক্রিকেট এখন এক দশক পিছিয়ে পড়েছে।