চীনের কাছে ৪-৩ গোলে হারল বাংলাদেশ জাতীয় হকি দল

চীনের জাতীয় হকি দলের বিপক্ষে লড়াইরত বাংলাদেশ জাতীয় হকি দলের খেলোয়াড়রা
চীনের জাতীয় হকি দলের বিপক্ষে লড়াইরত বাংলাদেশ জাতীয় হকি দলের খেলোয়াড়রা

মুক্তমন রিপোর্টার : বেইজিংয়ে চীনের জাতীয় হকি দলের বিপক্ষে লড়াকু ম্যাচ খেলেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি বাংলাদেশ জাতীয় হকি দল। পাঁচ ম্যাচের প্রস্তুতি সিরিজের চতুর্থ ম্যাচে স্বাগতিক চীনের কাছে ৪-৩ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে উভয় দলই নিজেদের আক্রমণভাগের দক্ষতার পরিচয় দেয়। বাংলাদেশও বেশ কয়েকটি কার্যকর আক্রমণ তৈরি করে চীনের রক্ষণভাগকে চাপে রাখে।

বাংলাদেশের হয়ে তিনটি গোল করেন মিমো, আমিরুল ও রকি। তবে শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানে ম্যাচটি হাতছাড়া হয় বাংলাদেশের।

চীনের বিপক্ষে এই ম্যাচটি ছিল সিরিজে বাংলাদেশের চতুর্থ প্রস্তুতি ম্যাচ। পাঁচ ম্যাচের সিরিজের শেষ ও পঞ্চম ম্যাচটি আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

শেষ ম্যাচে ভালো পারফরম্যান্স দিয়ে সিরিজ শেষ করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ জাতীয় হকি দল।

সূত্র: মিডিয়া উইং, বাংলাদেশ হকি ফেডারেশন